বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) কক্সবাজারের বিমানবাহিনী ঘাঁটিতে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়।
উল্লেখ্য, এ কোর্সে দেশি-বিদেশি বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কোর্সটি বিশেষভাবে পরিকল্পিত ছিল।
সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষকবৃন্দ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমআর