ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এমনকি নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি সম্পর্কে সরকারও কিছু জানে না বলে জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, টেলিভিশনে তিনি দেখেছেন নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ কিংবা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে থাকে।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণত এ ধরনের আলোচনায় নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংশ্লিষ্ট কমিটির সভা এবং বাজেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের কাছে কোনো তথ্য ছিল না। বিষয়টি তাঁরা গণমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছেন।
এফএস