ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৫৯ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ১০:৪৯ এএম
X

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী। 

শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সাম্প্রতিক সময়ে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে ব্যাপক বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের অত্যন্ত অন্যায়ভাবে বাধা প্রদান করেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে মগবাজার থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই গণমাধ্যমকর্মীদের ওপর চরম মারমুখী আচরণ শুরু করেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে উপস্থিত ক্ষুব্ধ সাংবাদিকদের কোনো যৌক্তিক বা অপেশাদার আচরণের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ঠিক আগে আদ-দ্বীন হাসপাতালে একটি অবৈধ বেকারির সন্ধান পাওয়ার খবরে সেখানে জরুরি পরিদর্শনে আসেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতালটির ভেতরে বেকারি পরিদর্শন শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, হাসপাতালের ভেতরের বেকারিটি পুরোটাই চরম অনিয়ম ও নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলছিল। বিষয়টি অত্যন্ত শক্তভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বেকারির ভয়াবহ চিত্র তুলে ধরে আরও বলেন, ‘হাসপাতালের ভেতরে একটি বেকারি পাওয়া গেছে, যা কোনো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছাড়াই মাত্র দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে চালানো হতো, যা কোনোভাবেই উচিত হয়নি। সেখানে প্রচুর ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে প্রতিদিন খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাস বের হয়েছে কি না, তা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের চূড়ান্ত ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝