ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামিসা হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:১৯ পিএম আপডেট: ২১.০৫.২০২৬ ৫:২৪ পিএম
X

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি, সম্ভাব্য স্বল্পতম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য স্বল্পতম সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে, আপনারা কি বলতে পারবেন যে কোনো একটি ঘটনায়ও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি কিংবা স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করতে পারেনি? এমন একটি ঘটনাও নেই। আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি কোথাও ব্যত্যয় ঘটে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারেন।

তিনি আরও বলেন, রামিসার ঘটনাতেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামির নাম সম্ভবত সোহেল খান। তার স্ত্রীসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা এটুকু আশ্বাস দিতে পারি যে, আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের।

সালাহউদ্দিন বলেন, বিচারহীনতার বিষয়টি নিয়ে সবাই সব সময় কথা বলে, তবে তা সবক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়। সে কারণে মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এ ধরনের অপরাধের ক্ষেত্রে—আমি অন্তর্বর্তী সরকারের সময়েও দেখেছি, তাদের কৃতিত্ব দিতে চাই—সেই সময়েও এ ধরনের কয়েকটি ঘটনায় স্বল্প সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, সম্ভাব্য স্বল্পতম সময়ে একটি দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার বিষয়ে আমি কিছু বলতে পারব না।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝