ব্রাহ্মণবাড়িয়ায় জাহানারা বেগম নামে এক নারীকে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সিএনজিচালিত অটোরিকশার পেছনে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন” সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে কুমারশীল মোড় থেকে আশুগঞ্জে যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি জাহানারা বেগমকে সিএনজিতে তোলে। পথে ছিনতাইয়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে অষ্টগ্রাম এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির পেছনের লেখার সূত্র ধরে সিএনজিচালক মো. বাদশাহ-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরীফ উদ্দিন ও রিমা আক্তার-কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি এবং নিহতের ব্যবহৃত কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অপর আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে শরীফ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এসআরএস/এসআর