ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মানুষ ড. ইসরাফিল শাহীনকে শুভেচ্ছা জানাচ্ছেন।
গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোহাম্মদ ইসরাফিল শাহীনকে আগামী চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ঠাকুরগাঁও জেলা শহরে জন্মগ্রহণ করা অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে তিনি ভারতের নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্য পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. ইসরাফিল শাহীন ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন।
এ ছাড়াও অধ্যাপক ড. ইসরাফিল শাহীন তাঁর কর্মজীবনে এমএ ও পিএইচডি—উভয় পড়াশোনার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে বৃত্তিসহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। তিনি ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্ক ফর হায়ার এডুকেশন ইন দ্য পারফর্মিং আর্টস-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ আইটিআই সেন্টারের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উৎসবে জুরি সদস্য ও অতিথি প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক থিয়েটার সংস্থাগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশ থিয়েটার ফর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিটিডিএন) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী জানান, ড. মোহাম্মদ ইসরাফিল শাহীনকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা সকলে অত্যন্ত আনন্দিত। তাঁর এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য মানুষ। আশা করি, তিনি তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানান, “ড. ইসরাফিল শাহীন মহোদয় সম্পর্কে শুনেছি। তিনি অত্যন্ত সজ্জন, মার্জিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”
এ জন্য জেলা প্রশাসন ভিসি মহোদয়কে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।
এএ/আরএন