ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় আলোচনা সভা ও মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৪৮ পিএম
X

সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সামাজিক সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন প্ররোচিত অভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও কারিতাস বাংলাদেশ (খুলনা অঞ্চল) কর্তৃক বাস্তবায়িত এ সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের ভয়াবহ চিত্র তুলে ধরেন। এসময় তারা বলেন, নদীভাঙন ও লবণাক্ততার আগ্রাসনে প্রতিবছর অগণিত মানুষ ভিটেমাটি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে, যা তাদের যাযাবর জীবন বেছে নিতে বাধ্য করছে।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ভুক্তভোগীদের জন্য কেবল ত্রাণ নয়, বরং দীর্ঘমেয়াদি সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি তুলে ধরা। অনুষ্ঠানে জলবায়ু-অভিবাসী পরিবারের তালিকা প্রণয়ন, নিরাপদ আবাসন ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী তাদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে মুক্তির প্রত্যাশায় অংশগ্রহণ করে জোরালো দাবি তুলে ধরেন।

এমজেডআর/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝