জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় কয়েকটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
পরে তিনি বলেন, 'সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপরিকল্পিত ও বিক্ষিপ্ত ভাবে গাছ লাগানো হয়েছে। তবে আমরা এবার পরিকল্পিত ভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আগামী ৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ে মোট চার হাজার ৫০০ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।'
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আগামী পাঁচ বছরের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে প্রকল্পের আওতায় চলতি বছরের বর্ষা মৌসুমে মোট ১ হাজার, রাজস্বখাত থেকে ২০২৭ সালে ২ হাজার এবং ২০২৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ৫০০ করে মোট চার হাজার ৫০০টি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
টিএ/এমএ