চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেন তারা। এ সময় হাতে লাল কার্ড তুলে নিয়ে নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের বলতে শোনা যায়, ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘রেড কার্ড, রেড কার্ড, অনলাইন ভিসিকে রেড কার্ড’।
শিক্ষার্থীরা বলেন, ‘রেড কার্ড’ দেখিয়ে তারা নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যানের বার্তা দিয়েছেন। তাদের দাবি, অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিল করে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
এর আগে নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন- এমন খবরে শুক্রবার দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান দেওয়ার পাশাপাশি ব্যঙ্গাত্মক গ্রাফিতিও আঁকেন তারা।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই তার নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
-টিএস