সাতক্ষীরায় চলতি বছরের ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম ভাঙার তারিখ নির্ধারণ করে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিরসাপাত, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি আম ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যেই আমের পরিপক্বতা আসবে। তিনি আরও জানান, অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে।
এমজেডআর/আরএন