দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রস্থলে এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১ দশমিক ৩৬ একর জমির ওপর ‘প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড’-এর নকশায় আধুনিক এ শিশু পার্ক নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।
পার্কটিতে একটি আধুনিক স্পোর্টস জোন থাকছে, যেখানে ফুটসাল গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট ও ক্রিকেট নেট প্র্যাকটিস পিচ থাকবে।
শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হবে ৭৫ ফুট উচ্চতার ফেয়ারি হুইল, ট্রামপোলিন, জঙ্গল জিম ও মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশন। এ ছাড়া দোলনা, স্লাইড, সি-স ও স্প্রিং রাইডারসহ বিভিন্ন রাইড থাকবে।
নাগরিক সুবিধার অংশ হিসেবে থাকছে সুপরিকল্পিত ওয়াকওয়ে, সবুজায়ন, বসার স্থান, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন ও টয়লেট ব্লক। নিরাপত্তা ও নান্দনিকতা বাড়াতে পর্যাপ্ত আলোকসজ্জা এবং দুটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পার্কটি চালু হলে পৌর এলাকার প্রায় ৪০ হাজার শিশু-কিশোরের জন্য একটি নিরাপদ ও মানসম্মত বিনোদনকেন্দ্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এমএইচ/আরএন