কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আড়াই বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচীর বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছে পরিবার।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নুজাইফা। সে একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
শিশুটির মা প্রিয়া খাতুনের অভিযোগ, তার ননদ কল্পনা খাতুন শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পাশের একটি মেহগনি বাগানে গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআই/এসআর