চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের চাপায় শেরপুরের নালিতাবাড়ীর খোরশেদ রাব্বি (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি পাঁচ বন্ধুর সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় ঘটে। নিহত রাব্বি নালিতাবাড়ী পৌরশহরের নিলামপট্টি এলাকার শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাব্বি এবং তার চার বন্ধু একটি নোহা গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোরের দিকে তারা সাতকানিয়ার একটি স্থানে গাড়ি পার্ক করে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় রাব্বি গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার জন্য এক পাশে থেকে অন্য পাশে যেতে গেলে, পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ী শহরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।
এমএস/আরএন