জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার বিকেল সাড়ে ৪টার সময় ক্ষেতলাল উপজেলার বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আটককৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হকের ছেলে জসিম উদ্দিন (৩৬) এবং রাজশাহী মহানগরের কাটাখালির সাজিপাড়া গ্রামের জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩৪)।
ওসি আসাদুজ্জামান বলেন, জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন।
মোটরসাইকেলে গাঁজা বহন করার গোপন তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বড়তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলটিকে সন্দেহভাজনভাবে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় গাঁজা বহনকারী দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এসআই/আরএন