প্রথমবারের মতো নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহায়তায় চলমান ‘নৌযান শুমারি ২০২৬’ প্রাথমিক লিস্টিং অপারেশনের মাধ্যমে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।
নৌ পরিবহণ মন্ত্রনালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, রোববার পটুয়াখালীর কলাপাড়া নৌযান শুমারি ২০২৬-এর কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেন, জেলেদের নিরাপদে ঘাটে ফিরে আসা নিশ্চিত করতে সাগর ও নদীর মোহনায় একটি লাইটহাউজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। নদীতে নৌযানের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলেদের অবকাশকালীন সরকারি বরাদ্দের প্রণোদনা যাতে যথাসময়ে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। অবৈধ ট্রলিং জাহাজ বন্ধের বিষয়েও স্থানীয়দের আশ্বস্ত করেন।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী এ শুমারি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণীত ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরবর্তীতে প্রতিমন্ত্রী ঘাটে বাঁধা একটি ফিশিং বোটে আরোহন করে নৌযান মালিক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নৌযান শুমারিতে অন্তর্ভুক্তির সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, “নৌযান শুমারিতে আপনার নৌযানের তথ্য অন্তর্ভুক্ত হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। একদিকে যেমন সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তথ্যটি কাজে আসবে, অন্যদিকে ভবিষ্যতে বিদেশি সহযোগিতা ও উন্নয়ন সহায়তা গ্রহণের ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি বলেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাত সম্পর্কে একটি নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার করা, নৌপথ ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআইএস