বর্তমান কমিটিকে অদক্ষ ও অকার্যকর দাবী করে জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির একাংশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, এনসিপির আহ্বায়ক কমিটি দেওয়ার পর থেকে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা কয়েকজন সংগঠনের কোনো কার্যক্রম করেন না। এনসিপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কোনো সমন্বয় করেন না। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রচারণা করছি। এসব কাজ না করে শৈথিল্য দেখানো হচ্ছে। সে কারণে বর্তমান এনসিপির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবি জানানো হয়।
এ ব্যাপারে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, 'কী কারণে ছাত্রশক্তি ও যুবশক্তি এ মানববন্ধন করেছেন, আমি জানি না। এ বিষয়ে দলের হাই কমান্ডকে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। তারা আসলে আলোচনা করা হবে।'
এসআই/এমএ