মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এ তথ্য জানান।
ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দু'জন বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
তিনি বলেন, অভিযানের আগে ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধ ভাবে পার্কিং চার্জ আদায় করছে।
তিনি আরও বলেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটি'র সূত্র ধরে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের কোনো নিয়োগ কর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
-এমএ