ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
এই বাজেট অতি উচ্চাভিলাষী, বাস্তবসম্মত নয়: সিপিডি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১২:৫৪ পিএম আপডেট: ০৮.০৬.২০২৪ ১২:২৬ পিএম
২০২৪-২৫ অর্থবাজারের প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।  

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বাজেট ২০২৪-২৫ সিপিডির পর্যালোচনা অনুষ্ঠানে এ বিষয়টি তুলে ধরা হয়।

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়। এছাড়া চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নেয়া হয়নি। 

তিনি বলেন, মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা যথেষ্ট নয়। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট।

তিনি বলেন, একটা চ্যালেঞ্জিং সময়ে বাজেটটি হলো। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে। এখানে সৃজনশীল ও কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না। নতুন বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে। বর্তমান সময়ের সমস্যা, ক্রান্তিকালীন সংকট দেখা দিয়েছে অর্থনীতিতে, সেগুলো সমাধানে এই বাজেট যথোপযুক্ত পদক্ষেপ বা দিকনির্দেশনা দিতে পারেনি।

ড. ফাহমিদা খাতুন বলেন, সামষ্টিক অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় এখন অস্থির অবস্থা চলছে। রাজস্ব আহরণ, সরকারের ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংক খাত থেকে উচ্চ সুদ হারে সরকারের ঋণ গ্রহণ করা, ব্যাংকে নগদ টাকা কমে যাওয়ায় রপ্তানিতেও অস্থির অবস্থা তৈরি হয়েছে।  এছাড়াও ব্যক্তিখাতে বিনিয়োগ কমে যাওয়া, প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স না বাড়া, আমদানি কমিয়ে আনা, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে টাকার মান কমিয়ে আনা হয়েছে, এগুলোও প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে।  

ফাহমিদা খাতুন বলেন, বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। কিন্তু গত মাসেও মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। আগামী ১ মাসে সেটা কমে গিয়ে ৬ দশমিক ৫ শতাংশ হবে কীভাবে, সেটা বোধগম্য নয়।  

গত মাসে রপ্তানির প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ, আগামী অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। চলতি বছরেও ৮ শতাংশ প্রাক্কলন করা হয়েছিল, তা অর্জিত হয়নি। আগামী বছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি কীভাবে অর্জিত হবে, সে কথাও বলা হয়নি। আমদানি প্রবৃদ্ধি আগামী বছর ১০ শতাংশ লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি বছরে তা নেতিবাচক রয়েছে। এটা বাস্তবায়ন যোগ্য নেই; বলেন ফাহমিদা খাতুন।  

তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত প্রাক্কলন করার প্রয়োজন ছিল, সেটা নেই। প্রাক্কলন তখন সঠিকভাবে করা যাবে, যদি বাস্তবতাকে মেনে নেওয়া হয়। বাজেটে সেই বাস্তবতাকে মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।  

কালো টাকা ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এটা বড় ধরনের সামাজিক অন্যায়। আগের বছরগুলোতে কালো টাকা ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার ব্যবস্থা থাকলেও এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল। প্রস্তাবিত বাজেটে সেই প্রশ্ন করার সুযোগও তুলে নেওয়া হয়েছে। নৈতিক ও অর্থনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে কালো টাকার মালিকদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।  

তিনি বলেন, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি তৈরি করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খোলাবাজারে কম দামে নিত্যপণ্য বিক্রির পরিসর কমানো হয়েছে। আবার সামাজিক নিরাপত্তা বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের পেনশন, কৃষি ভর্তুকির মতো বরাদ্দ যুক্ত করে প্রকৃত সহায়তার দাবিদারদের সুযোগকে কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মূল্যস্ফীতির কারণে দুর্ভোগে পড়া কম আয়ের বা প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার পরিবর্তে আরও প্রতিকূল অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম হোসেন ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলামি খান।  

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝