ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ
✎ রিয়াল উদ্দিন
⏲ প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ২:৪০ পিএম আপডেট: ০৯.১০.২০১৯ ৬:০৬ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একমত নয় ছাত্রলীগ। বুধবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে উদ্ভূত পরিস্থিতিতে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, 'বুয়েটের ছাত্রদের আট দফা দাবির সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি। তবে বৃহত্তম ছাত্র রাজনীতি দলের প্রতিনিধি হিসেবে আমরা কখনো বলতে পারি না, ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আমরা কোন মতেই একমত হতে পারি না।'

এ সময় ছাত্র সংগঠনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন করে, তা নয়। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক অর্জনের পেছনে ছাত্রলীগের অবদান রয়েছে। আমরা কোনোভাবেই তা অস্বীকার করতে পারি না। প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে।'

বুয়েটে ছাত্রলীগের কমিটি স্থগিতের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, 'বুয়েটের ঘটনায় খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু শাখা ছাত্রলীগের উদ্যোগে কিছু হয়নি। শুধুমাত্র কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুম কালচার প্রসঙ্গে তিনি বলেন, 'বিভিন্ন হলে যখন প্রথম বর্ষের শিক্ষার্থী আসেন। শিক্ষার্থীদের রাজনৈতিক পরিকল্পনা শিখন কর্মশালা হিসেবেই গেস্ট রুম প্রথম চালু হয়েছে। সুতরাং এটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করাটা অবশ্যই খারাপ।'

আবরার হত্যার ঘটনায় আমরা লজ্জিত উল্লেখ করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, 'এই অপরাধ সংঘটিত হওয়ার পর আমাদের দলের যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের বৃহৎ এই সংগঠনে অপরাধীর কোন স্থান হবে না।'

এ সময় তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'এদেশের ছাত্র সমাজের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের আহ্বান, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় আপনাদের প্রত্যেককে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আবরার হত্যাকাণ্ডের অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে পুঁজি করে কেউ যেন দলীয় রাজনীতি চাঙা করার নামে আন্দোলন-আন্দোলন খেলায় মেতে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। একইসঙ্গে দলের ভেতরে যেসব অনুপ্রবেশকারী রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'

-এমএ


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝