দেশে না থাকলেও বাংলাদেশের হয়ে করোনা ভাইরাসের বিপক্ষে লড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
করোনার সংক্রমণ ঠেকাতে দেশের মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার।
অফিস-আদালত থেকে শুরু করে যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান সবই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে বিপদে পড়েছেন দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ।
এই মানুষদের সহযোগিতার জন্যই ফাউন্ডেশন খুলেছেন সাকিব। তার ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করবে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামে। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে সহায়তা সংগ্রহ করে তা বিতরণ করা হবে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই। বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন-
'সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে "দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন" পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনা ভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার জন্য। "মিশন সেইভ বাংলাদেশ" করোনা ভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, সেবা এক্সওয়াইজেড, এবং সমকালের একটি যৌথ উদ্যোগ।
এবং এর ধারা অনুযায়ী "দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন" এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে "মিশন সেইভ বাংলাদেশ" নামক একটি উদ্যোগে।
এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনা ভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।
আসুন, সবাই মিলে একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।
-এমএ