তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহ্দী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিকেন্দ্রীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে টারশিয়ারি পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
আন্তর্জাতিক মানদণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। এর উদাহরণ হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পার্শ্ববর্তী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির কথা উল্লেখ করেন তিনি। এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত নয় মাসের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, তৃতীয় ভাষা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিলস, লার্নিং উইথ হ্যাপিনেস, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হবে।
শিক্ষার দুটি লক্ষ্য ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথমত, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকবে। দ্বিতীয়ত, তাদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে, যাতে তারা আগামী বাংলাদেশে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই সরকারের সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।
সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
-টিএস