পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমে গেছে। সংঘাতের আগে বহরে থাকা ৩৬টি রাফালের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে ৩২টি।
ব্রিটিশ সামরিকবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ হিসাব সামনে আসার পর ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের পুরোনো দাবি আবারও আলোচনায় এসেছে।
ভারত অবশ্য সংঘাতে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান করেছে।
ফলে রাফালের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নতুন করে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের প্রসঙ্গ সামনে এনেছে।
রাফালের বহর ৩৬ থেকে ৩২
ফ্লাইট ইন্টারন্যাশনালের বার্ষিক ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্রিয় যুদ্ধবিমানের হিসাব তুলে ধরা হয়।
সর্বশেষ তালিকায় ভারতের বিমানবাহিনীর বহরে ৩২টি রাফাল যুদ্ধবিমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত।
এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
রাফাল একটি দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান। গভীর আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজবিধ্বংসী অভিযানে এটি ব্যবহার করা যায়। আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এ যুদ্ধবিমানের।
যেভাবে শুরু হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়। ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দেওয়া ঘটনার বিবরণ নিয়েও প্রশ্ন তোলে। তাদের দাবি ছিল, ভারতের বক্তব্যে অসত্য ও বানোয়াট তথ্য রয়েছে।
এরপর দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে পাল্টাপাল্টি হামলা চালায়। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। দুই দেশের বিমানঘাঁটিও হামলার শিকার হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
রাফাল ভূপাতিত হওয়ার তথ্য দিয়েছিল ফ্রান্সও
সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল। অন্যদিকে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপাতিত হওয়ার দাবি নাকচ করে।
এ বিষয়ে সে সময় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানান, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আধুনিক প্রযুক্তির এই ফরাসি যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম।
ওই কর্মকর্তা আরও জানান, আকাশযুদ্ধে একটির বেশি রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফ্রান্সের কর্তৃপক্ষ।
চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, সংঘাতে তাদের ভূপাতিত করা যুদ্ধবিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ছিল। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তার দেওয়া হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি।
এর আগে ট্রাম্প প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন। পরে ২০২৫ সালের অক্টোবরে সাতটি এবং নভেম্বরে আটটি বিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
তবে সংঘাতে ঠিক কতটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সে বিষয়ে এখনো দুই দেশের বক্তব্যে অমিল রয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের সর্বশেষ হিসাব সেই বিতর্ককে নতুন করে সামনে এনেছে।
তথ্যসূত্র: দ্য ডন।