মাত্র ২৬৭ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন ভারতের ২৩ বছর বয়সী অনন্যা মালহোত্রা। সেই উদ্যোগ থেকেই এখন মাসে পণ্য বিক্রি হচ্ছে প্রায় ৪ লাখ থেকে ৬ লাখ ৬৭ হাজার টাকার। পাশাপাশি তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন উত্তরাখণ্ডের ১২০ জনের বেশি নারী কারিগর।
দেরাদুনের বাসিন্দা অনন্যা দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক। তার প্রতিষ্ঠানের নাম ‘এনচান্টেড থ্রেডস’। সুতা দিয়ে নকশা তৈরির বিশেষ কৌশল ক্রোশে বা কুরুশ কাঁটা (হুকযুক্ত কাঁটা) ব্যবহার করে ফুল, ব্যাগ, খেলনা ও বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করে প্রতিষ্ঠানটি।
অনন্যার ক্রোশের কাজ শেখার শুরু শৈশবে। মাত্র ১০ বছর বয়সে বাড়ির গৃহকর্মীর কাছ থেকে তিনি এ কাজ শেখেন। ১৭ বছর বয়সে প্রায় ২৬৭ টাকা খরচ করে সুতা ও কানের দুল তৈরির উপকরণ কেনেন। এরপর ইনস্টাগ্রামে একটি পেজ খুলে নিজের তৈরি পণ্য বিক্রি শুরু করেন।
২০২১ সালে করোনার লকডাউনের সময় তিনি উদ্যোগটিকে ব্যবসায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে পণ্যের নকশা তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, গ্রাহকের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে ব্যবসার প্রশাসনিক কাজ—সবই একা সামলাতেন অনন্যা। পরে কাজ বাড়লে পণ্যের মান যাচাইয়ের জন্য চারজন ক্লাস্টার প্রধান নিয়োগ করেন। বর্তমানে উত্তরাখণ্ডের ১২০ জনের বেশি নারী কারিগর তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
অনন্যার ব্যবসার একটি উল্লেখযোগ্য দিক হলো, যিনি তাকে শৈশবে ক্রোশের কাজ শিখিয়েছিলেন, সেই গৃহকর্মীও এখন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। এই কাজ থেকে তিনি মাসে প্রায় ৬৬ হাজার ৭০০ টাকা আয় করছেন বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
ব্যবসার প্রচারে বড় কোনো বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সহায়তা নেননি অনন্যা। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে ক্রেতা তৈরি করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫৩ হাজারের বেশি। ভারতের বিভিন্ন জায়গায় ১০ হাজারের বেশি অর্ডার সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পণ্যের দাম প্রায় ২৬৭ থেকে ৬ হাজার ৬৭০ টাকা। প্রতি অর্ডারের গড় মূল্য প্রায় ১ হাজার ৩৩৫ থেকে ১ হাজার ৬০০ টাকা। প্রথম বছরে ব্যবসাটির বার্ষিক বিক্রির পরিমাণ ছিল প্রায় ১৩ লাখ ৩৫ হাজার থেকে ১৪ লাখ ৬৮ হাজার টাকা। বর্তমানে মাসিক বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ থেকে ৬ লাখ ৬৭ হাজার টাকা।
কোনো বাইরের বিনিয়োগ ছাড়াই ব্যবসাটি বড় করেছেন অনন্যা। গ্রাহকের কাছ থেকে আগাম মূল্য নিয়ে অর্ডার তৈরির ব্যবস্থা চালু রাখায় ব্যবসার চলতি মূলধন ব্যবস্থাপনাও সহজ হয়েছে। ভবিষ্যতে শিশুদের পণ্য ও উপহারসামগ্রীর বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার।
নোট: বাংলাদেশ ব্যাংকের ১৯ নভেম্বর ২০২৬-এর বিনিময় হার অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ১ টাকা ৩৩ পয়সা। সেই হিসাবে টাকার অঙ্কে প্রতিবেদনটি সাজানো হয়েছে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস