খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার শ্মশানটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে অংশ নেন।
অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী।
অভিযোগ রয়েছে, তিনি চোরাই পথে ভারত থেকে কসমেটিকসসহ বিভিন্ন পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মামলাটি তদন্তাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
কেএস / এফএস