নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া প্রায় আট ফুট দৈর্ঘ্যের মিঠাপানির কুমিরের নতুন আশ্রয় হয়েছে গাজীপুর সাফারি পার্কে। তিন দিনের অভিযান শেষে জীবিত অবস্থায় কুমিরটি উদ্ধার করে বন বিভাগ। পরে নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য সেটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের কর্মকর্তারা কুমিরটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিন ধরে অভিযান চালিয়ে কুমিরটি জীবিত উদ্ধার করা হয়।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এর নিরাপদ সংরক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের কাজে স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা সহযোগিতা করেছেন।
মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানিতে বসবাসকারী কুমিরের তুলনায় এদের আকার সাধারণত ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি কিংবা ধূসর হয়ে থাকে।
মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত লাজুক প্রকৃতির হলেও বিরক্ত বা উত্যক্ত করা হলে এরা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী জানান, স্থানীয় বন বিভাগের মাধ্যমে কুমিরটির উপস্থিতির খবর পাওয়ার পর নারায়ণগঞ্জে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে প্রাণীটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে এর নিরাপত্তা, সংরক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় একটি পুকুরে হঠাৎ দেখা দেওয়া কুমিরটি উদ্ধারের পর এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে গাজীপুর সাফারি পার্কে।
এফএস