বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং।
সাক্ষাৎকালে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা প্রণয়ন, শিক্ষা উপকরণ সরবরাহসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল পেতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা অর্জন করছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ জরুরি।
তিনি জানান, সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব চিত্র, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পিইডিপি-৫ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচিটির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট এবং ফলাফলভিত্তিক করতে একাধিক পৃথক প্রকল্পে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। তবে বিদ্যমান উন্নয়ন সহযোগিতার আওতায় নেওয়া কার্যক্রম ও প্রতিশ্রুত সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার আওতায় আনতে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে এ খাতে বড় পরিসরে প্রকল্প নেওয়ার সুযোগ রয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষায় সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং শ্রেণিকক্ষের শিখনফল নিশ্চিত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
এ সময় প্রাথমিক শিক্ষায় বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও সহায়তার পরিধি বাড়ানোর আগ্রহের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর।
সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ ও প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএ