ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সঞ্চয় শূন্য হয়ে বাড়ছে মানসিক চাপ
চরম আর্থিক সংকটে রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত
✎ সাদ্দাম খান
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মাসিক বেতন ৩৫ হাজার টাকা, অথচ কেবল বাসাভাড়াই গুনতে হয় ১৮ হাজার টাকা। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল যোগ করলে মাসের শুরুতেই বেতনের অর্ধেকের বেশি শেষ। এরপর সন্তানের পড়াশোনা, নিয়মিত ওষুধ ও কাঁচাবাজারের খরচ মেটাতে গিয়ে মাস না পেরোতেই পকেট শূন্য। আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ হওয়ায় বাধ্য হয়ে ভবিষ্যতের জমানো ডিপিএস ভেঙে সংসার চালাতে হচ্ছে। মাঝে মাঝে স্বজনদের কাছ থেকেও ধারদেনা করতে হয়—রাজধানীর বেসরকারি চাকরিজীবী সেলিম হোসেনের বাস্তব চিত্রটি আজ কোটি মধ্যবিত্তের না বলা গল্প।

জীবনযাত্রার লাগামহীন ব্যয় বাড়ায় ঢাকার লাখ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দিনযাপন এখন চরম সংকটে পড়েছে। জমানো সঞ্চয় শূন্য হয়ে বাড়ছে মানসিক চাপ। এই দুর্মূল্যের বাজারে ভালো মানের খাবার বা মাছ-মাংস কেনা এখন বিলাসিতায় পরিণত হয়েছে। কম দামি সবজি কিনে কোনোমতে দিন পার করতে হচ্ছে। পরিবারের মৌলিক চাহিদা মেটাতে গিয়ে নিজের চিকিৎসার খরচটুকুও বাদ দিতে বাধ্য হচ্ছেন অনেকে। সামাজিক মর্যাদা রক্ষার এই মনস্তাত্ত্বিক চাপ এবং ঋণের বোঝা মধ্যবিত্ত পরিবারগুলোতে তীব্র মানসিক অস্থিরতা তৈরি করছে।

বেসরকারি চাকরিজীবী রাসেল ইসলাম জানান, আগে যে বাজার ১৪-১৮ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন বেড়ে প্রায় ৩০-৩২ হাজার টাকায় ঠেকেছে। বাধ্য হয়ে খাদ্যতালিকায় বড় ধরনের কাটছাঁট করতে হচ্ছে। মাছ ও মাংসের মতো আমিষের উৎসগুলো সাধ্যের বাইরে চলে যাওয়ায় কেবল পেট ভরানোর খাবারই এখন একমাত্র ভরসা। এর ফলে দীর্ঘমেয়াদে পুষ্টিহীনতার বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।

আরেক বেসরকারি চাকরিজীবী কাজী রফিক বলেন, ‘আমার বেতন আর বাবার পেনশন মিলিয়ে পরিবারের মোট আয় ৪৫ হাজার টাকা। অথচ শুধু বাসাভাড়া আর গ্যাস-বিদ্যুৎ বিলেই প্রতি মাসে চলে যায় ৩২-৩৫ হাজার টাকা।’

পরিস্থিতি সামাল দিতে অনেকেই সন্তানদের নামিদামি স্কুল ছাড়িয়ে তুলনামূলক কম খরচের প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। বিনোদন, ছুটির দিনে বাইরে যাওয়া বা উৎসবের কেনাকাটা বহু আগেই বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে স্বাস্থ্য খাতে; রুটিন চেকআপ বা জরুরি চিকিৎসা এড়িয়ে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সমাজবিশ্লেষকদের মতে, নিম্নবিত্ত মানুষ চাইলেই খোলাখুলি সাহায্য চাইতে পারে বা সরকারি-বেসরকারি ত্রাণ বা টিসিবির লাইনে দাঁড়াতে পারে। কিন্তু সামাজিক মর্যাদা ও মানসম্মানের ভয়ের কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো নিজেদের কষ্ট কখনোই প্রকাশ করতে পারে না। ফলে তারা নীরবে পুড়তে থাকে। বিপদের দিনের শেষ সম্বল সঞ্চয়পত্র ভাঙানো বা জমানো অর্থ ফুরিয়ে যাওয়ার পর তারা গভীর মানসিক অবসাদে আক্রান্ত হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতির গতি কিছুটা মন্থর হয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় মূল্যচাপ বেড়েই চলেছে। অন্যদিকে, মূল্যস্ফীতির তুলনায় মানুষের মজুরি বৃদ্ধির হার বেশ কম। ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ আগের মতোই অব্যাহত রয়েছে।

বাজারের প্রকৃত চিত্র তুলে ধরে অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ জানান, গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়েছে এবং ভোগ ও চাহিদা কমে গেছে। সাপ্লাই চেইনে কারসাজি, ডলার সংকটের কারণে আমদানিনির্ভর কাঁচামালের দাম বৃদ্ধি এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার অভাবকে তিনি মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরেও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট বা চক্রগুলোর কেবল হাতবদল ঘটেছে, যার পুরো আর্থিক চাপ এসে পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। রাজনৈতিক সদিচ্ছা এবং বাজার মনিটরিংয়ের সক্ষমতা কঠোরভাবে না বাড়ালে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলে মনে করেন তিনি।

অর্থনীতিবিদদের মতে, মধ্যবিত্তের এই সংকট থেকে উত্তরণে কেবল সাময়িক রেশনের ব্যবস্থা করলে চলবে না; বরং বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, মুদ্রা সরবরাহ ও সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল করতে হবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত আয়সীমা ও মধ্যবিত্তের জন্য সামাজিক নিরাপত্তা বা সহজ শর্তে প্রণোদনার ব্যবস্থা করা জরুরি। অন্যথায় সমাজের মূল চালিকাশক্তি এই মধ্যবিত্ত শ্রেণী অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝