জাতীয় সংসদ ভবনে গিয়ে সংসদের কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখার সুযোগ পেয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল।
বুধবার (১১ নভেম্বর) সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তিনি তাদের খোঁজখবর নেন এবং আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান এ ভবনের নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের গবেষকরা এসব নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভালো ফলাফলের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ অর্জনের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীদের আগামীর মানবিক বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।’
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা জরুরি।
সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। এতে তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএ