রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন মোহাম্মদ কামরুল হাসান আলমাছ ও মো. মনির।
আদালত সূত্রে জানা গেছে, এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বাহালুল খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন ইমনের নামে সাইফুল ও জুয়েল নামের একটি সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানটির ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটিয়ে আসছিল।
এজাহারে বলা হয়, গত ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানটির একটি গাড়ি মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ২৪ থেকে ২৬ জন ব্যক্তি সেটির গতিরোধ করেন। তারা গাড়ির কাচ ভাঙচুর শুরু করলে চালক রিপন গাড়ি থেকে নেমে আসেন। এসময় তাকে মারধর করা হলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে হামলাকারীরা গাড়িটিতে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় গত ৭ নভেম্বর গাড়িচালক মো. রিপন মিয়া বাদী হয়ে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। পরে এ মামলায় বাবুসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।