রাজধানীর উত্তরায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখ (৪০), নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাত খান (৬৪)।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে হীরাকে গ্রেফতার করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
অপরদিকে একই দিন বিকেলে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে নান্নুকে গ্রেফতার করা হয়। এছাড়া রাতে ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি বাসার সামনে অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়।
উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে নান্নু ও হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সেসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।