নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যেও রাজধানী ঢাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। অভ্যন্তরীণ সব রুটে বাসসহ অন্যান্য গণপরিবহন চলাচল করছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।
রাজধানীর তেজগাঁও এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফার্মগেট ও তেজগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিক মিয়া অ্যাভিনিউতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর রামপুরা এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্যান্য এলাকায় চলছে পুলিশের নিয়মিত টহল। সড়কে বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
ব্যস্ততম এলাকা মতিঝিলেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। গুলিস্তান থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ হয়ে গাবতলী ও মিরপুরগামী সড়কেও যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গুলিস্তান থেকে রামপুরা ও বাড্ডা হয়ে উত্তরাগামী সড়কেও যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি।
মিরপুর এলাকায় গত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকাজুড়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। মেট্রোরেল চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পাশাপাশি বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু করে বিভিন্ন বাস, ব্যক্তিগত গাড়ি ও সড়ক লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট, মিরপুর ও পোস্তগোলায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া টিএসসি, বনানী পুলিশ ফাঁড়ি, বাংলা কলেজ ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিসহ রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের টহল ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।