ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’ : চিফ প্রসিকিউটর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।

তিনি আরও বলেন, দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে গতকাল শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম প্রকাশ্যে এলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।

দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে আইনজীবীরা বলেন, মক্কেলের আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন করে এসব নথি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানিয়েছেন তারা।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অথবা অন্য দেশে অবস্থান করছেন; অনেকে আবার কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ নেতাদের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। তবে তাঁর দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝