দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অন্যদিকে, মহাসচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুস সালাম।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে অঞ্জন চৌধুরীর পুনর্নির্বাচন এবং মহাসচিব পদে আব্দুস সালামের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।
এ ছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন মো. হাসান, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।
আগামী দুই বছর নতুন এই কমিটি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনটির নেতৃত্ব দেবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাটকোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ সংরক্ষণ, সম্প্রচারশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা আরও জোরালো হবে।
নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁদের নেতৃত্বে আগামী দুই বছরে সম্প্রচার খাতের উন্নয়ন এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় অ্যাটকো কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরএন