রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে চারটি তাজা ককটেল।
পরে বোম ডিসপোজাল টিম সেগুলো নিষ্ক্রিয় করে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের একজন জাহিদুল ইসলাম মনির (২০), অন্যজন কিশোর। পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলার তদন্তের পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিল থানার ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে মনির ও ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতর থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে মধুবাগ মাঠে বোম ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার দুজন বর্তমানে রমনা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ