রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। ভোরে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
নিহত আরিয়ান এক বছর আগে মিম নামে এক তরুণীকে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই স্বামীর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরিয়ানের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামে। তার বাবার নাম কাদের ভূঁইয়া। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলতেছে।
এফএস