ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পুলিশ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরি ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে তাঁদের পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এসব কর্মকর্তাকে মর্যাদার সঙ্গে পেশাগত জীবনে ফিরিয়ে আনা সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ দিনশেষে পুলিশের কাছেই ন্যায়বিচার প্রত্যাশা করে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। দেশ ও জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন ও কৌশল পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি জানান, ‘ট্রেনিং অব দ্য ট্রেইনার্স’ (ToT) কর্মসূচির আওতায় পুলিশ কর্মকর্তাদের চীনসহ বিভিন্ন উন্নত দেশে বিশেষায়িত প্রশিক্ষণে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অর্থ বরাদ্দ ঝুলে থাকবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাইনুল হাসান।


এর আগে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের গত আট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধী শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারপ্রক্রিয়ায় নেওয়ার সক্ষমতা অর্জন করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সালাহউদ্দিন আহমদ।

নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও তাঁকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। সংসদ সদস্যের সন্তান হলেও অপরাধের অভিযোগ থাকায় তাঁকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনগত প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement