আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের হামলায় সরকারি ভবন, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সংঘর্ষের ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬১ জন পুলিশ সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষাব্যবস্থার সংস্কার, বিশ্ববিদ্যালয়ের ব্যয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে দুর্নীতির অভিযোগ ও সরকারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ আরও বিস্তৃত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
বিক্ষোভ চলাকালে দেশটির শিক্ষা ও বিচার মন্ত্রণালয়ের ভবনে আগুন দেওয়া হয়। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন। তাঁদের অভিযোগ, সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রয়েছে এবং শিক্ষার্থীদের সমস্যা ও কর্মসংস্থানের সংকট যথাযথভাবে মোকাবিলা করা হচ্ছে না।
এ ছাড়া আলবেনিয়ার দক্ষিণ উপকূলে বিলাসবহুল পর্যটনকেন্দ্র নির্মাণের একটি প্রকল্প নিয়েও অসন্তোষ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের এই প্রকল্প নিয়ে পরিবেশগত উদ্বেগ ও অনিয়মের অভিযোগ তুলেছেন সমালোচকেরা।
তবে প্রধানমন্ত্রী এদি রামা পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করতে তাঁর সরকার প্রস্তুত। একই সঙ্গে সরকারি সম্পত্তি ধ্বংস ও সহিংসতার নিন্দা জানিয়েছেন তিনি।
এদিকে আলবেনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: এপি /এফএস