রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ইউক্রেন বড় ধরনের হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে মস্কো।
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ শোধনাগার এলাকায় পড়ে সেখানে আগুন ধরে যায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে ঘোষিত জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে আর এগোতে রাজি নন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা আবার শুরু হতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘কিয়েভের শাসকগোষ্ঠী রিয়াজানের একটি তেল শোধনাগারে বড় ধরনের হামলার চেষ্টা করেছে।’ তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা আবার শুরু হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময় থেকে সরে আসায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।
গত রোববার ট্রাম্প একতরফাভাবে জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে। ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেন কয়েক দিনের জন্য রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রেখেছিল বলে জানিয়েছে কিয়েভ।
রাশিয়ার তেল ও ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা
রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হামলা স্থগিত রাখা এবং রাশিয়া থেকে ১৮ লাখ টন ডিজেল কেনার একটি চুক্তি জ্বালানির ঊর্ধ্বমুখী দাম কমাতে সহায়তা করতে পারে।
তবে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে বিষয়টি সহজ নয়। কারণ, সবাই প্রশ্ন করবে কিছু মানুষ যখন বেঁচে থাকার জন্য লড়ছে, যুদ্ধ করছে ও মারা যাচ্ছে, তখন এত আগ্রাসন চালানো পক্ষের সঙ্গে কীভাবে ব্যবসা করা যায়?”
স্টারলিংকের ব্যবহার সীমিত করার অভিযোগ
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেছেন, স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহারে ইউক্রেনের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এতে রুশ হামলার মুখে ইউক্রেন আরও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামরিক অভিযানে স্পেসএক্সের সামরিক উপযোগী স্টারশিল্ড ব্যবস্থা ব্যবহার করে।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পেসএক্সের মালিক ইলন মাস্ক বলেন, গ্রাহকদের জন্য স্টারশিল্ডের ব্যবহার ও গতি সীমিত করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে।
অন্য একটি পোস্টে তিনি জেলেনস্কিকে ইউক্রেনের নেতৃত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানান। মাস্ক লেখেন, “আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকে। জেলেনস্কির সরে যাওয়ার সময় হয়েছে।”
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে হামলা স্থগিতের প্রস্তাব
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন পশ্চিমা সামরিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানির সহায়তা দেশটির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। গত শনিবার ট্রাম্প জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।
এ পরিস্থিতিতে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সরবরাহ করলে তিনি আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখতে রাজি আছেন।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির। বৈঠকে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত সহায়তা দেওয়ার দাবি জানাবেন।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ইউক্রেনকে যুদ্ধে জিততে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
আগামী বছর ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউক্রেনের আগামী বছরের প্রতিরক্ষা ব্যয়ের পরিকল্পিত ১৭৫ বিলিয়ন ডলারের তুলনায় এ সহায়তার পরিমাণ অনেক কম।
এদিকে, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
এফএস