শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন নিরাপত্তা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটও রাখতে হবে।
এ ছাড়া মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের সহজে শনাক্ত করার জন্য পৃথক পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
দুর্গাপূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশনা
যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণের পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন
জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সেবার সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের নম্বর জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯
এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯
পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা টোল ফ্রি কল করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে।
এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ।
আরএন