গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৫ হাজার ৩১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯ হাজার ২০১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯০৫ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
এ ছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এসএস