ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদি বুড়িগঙ্গা চ্যানেলে উচ্ছেদ অভিযান, প্রথম দিনে ৫০ স্থাপনা উচ্ছেদ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৮:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বুড়িগঙ্গা নদীর দূষণ ও দখল রোধে আদি বুড়িগঙ্গা চ্যানেলে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয়েছে।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

সোমবার শুরু হওয়া এ অভিযানের প্রথম দিনে ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় নদীর দুই তীরে ৫০টি অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হয়েছে। এ সময় অপসারণ করা হয়েছে প্রায় ১০০ টন বর্জ্য।

লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হচ্ছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি এক্সক্যাভেটর ও পাঁচটি ডাম্প ট্রাক ব্যবহার করে উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়। এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দুই থানা ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুই তীরে গড়ে ওঠা প্লাস্টিক রিসাইক্লিং কারখানা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদীর দুই তীর ভরাট ও দখল হচ্ছে। পাশাপাশি লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকার গৃহস্থালি বর্জ্যে দূষিত হচ্ছে নদী। দখল হয়ে গেছে নদীর তীরবর্তী বিআইডব্লিউটিএর অনেক জায়গাও।

এ পরিস্থিতিতে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠনের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবৈধ স্থাপনা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ এবং এলাকা পরিষ্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেন। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে এ অভিযান শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, প্রাথমিকভাবে ১০ দিন অভিযান চালিয়ে লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার দুই তীরের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের লক্ষ্য রয়েছে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণের কাজ শেষ না হলে প্রয়োজনে অভিযানের সময় বাড়ানো হবে। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে বুড়িগঙ্গাসহ ঢাকা ও আশপাশের চারটি নদীর তীর দখলমুক্ত করতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ২০১৯ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ওই সময় বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরে বিশেষ অভিযান চালানো হয়।

সেই অভিযানে নদীর সীমানার মধ্যে থাকা বহুতল পাকা ভবন, সেমিপাকা ঘর, কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ কয়েক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় নদীর কয়েক শ একর তীরভূমি। এসব জায়গা বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি পুনরায় দখল ঠেকাতে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ ও বনায়নের মতো উদ্যোগ নেওয়া হয়।

তবে উচ্ছেদ অভিযানের পরও নদীর বিভিন্ন স্থানে পুনরায় দখলের চেষ্টা চলছে। এ কারণে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ।

উল্লেখ্য, "হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ” মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পূর্বের দায়েরকৃত নদীর পরিবেশ দূষণরোধ সংক্রান্ত রীট পিটিশন নং-৩৬৭৬/২০১০ এর অনুবৃত্তিক্রমে আবেদন দাখিল করেছে। 

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement