সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। আসামিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
ডিবি পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার অভিযোগ, আসামিরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এসব অভিযোগের সত্যতা যাচাই ও অন্য জড়িতদের শনাক্ত করতে তাদের জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।
আরএন