ইউক্রেনের প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী নাতালিয়া পেরচেভস্কা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চনাটকে অবদান রাখা এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউক্রেনের সাংস্কৃতিক অঙ্গনে।
নাতালিয়া পেরচেভস্কা ১৯৭২ সাল থেকে ইউক্রেনের ইভান ফ্রাঙ্কো ন্যাশনাল অ্যাকাডেমিক ড্রামা থিয়েটারে কাজ করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন।
‘দ্য কাইদাশেভ পরিবার’, ‘তেভিয়ে দ্য মিল্কম্যান’ এবং ‘দ্য ট্রায়াল অ্যান্ড দ্য ফ্লেম’সহ বিভিন্ন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাঁকে ইউক্রেনের সম্মানিত শিল্পীর উপাধিতে ভূষিত করা হয়।
গত ১০ অক্টোবর থিয়েটার কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর জানায়। তাঁর প্রয়াণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। সহকর্মীদের স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর অভিনয়প্রতিভা, প্রাণবন্ত কণ্ঠস্বর, হাসি এবং সবার সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা।
দীর্ঘ কর্মজীবনে মঞ্চনাটকে তাঁর অবদান ইউক্রেনের নাট্যাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তবে তাঁর মৃত্যুর কারণ এবং শেষকৃত্যের তারিখ ও স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এফএস