ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪ ও ২০২৫-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দুই বছরের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও প্রাবন্ধিক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ সালের জন্য ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। একই বছরের প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে ‘বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ গ্রন্থের জন্য আবুল আহসান চৌধুরী এবং কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে ‘সময় বহিয়া গেল’ গ্রন্থের জন্য আনোয়ারা সৈয়দ হক পুরস্কার পেয়েছেন। ‘জলমাকড়ের নৌকাবাইচ’ গ্রন্থের জন্য তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন নিজাম বিশ্বাস।
২০২৫ সালের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন সেলিনা হোসেন। ওই বছরের প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে ‘পালকের চিহ্নগুলো’ গ্রন্থের জন্য নাসরীন জাহান এবং কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে ‘মানচিত্র’ গ্রন্থের জন্য শাহীন আখতার পুরস্কার পেয়েছেন। ‘সায়ানাইড ফুল’ গ্রন্থের জন্য তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এ ছাড়া দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
আজীবন সম্মাননা বিজয়ীরা প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পেয়েছেন। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও কথাসাহিত্য এ দুই শ্রেণির প্রত্যেক বিজয়ী পেয়েছেন তিন লাখ টাকা করে। তরুণ সাহিত্যিক পুরস্কার বিজয়ীদের দেওয়া হয়েছে দুই লাখ টাকা করে। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মাননাপত্রও দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরস্কারের জন্য ২০২৪ সালে প্রকাশিত বইয়ের মধ্যে ৪৬০টি এবং ২০২৫ সালে প্রকাশিত বইয়ের মধ্যে ৫১০টি জমা পড়ে। সাহিত্যিক বেগম আখতার কামাল, গবেষক ও প্রাবন্ধিক ড. ফয়জুল লতিফ চৌধুরী, কবি আবিদ আনোয়ার এবং প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াসের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বইগুলো থেকে বিজয়ীদের নির্বাচন করে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ বলেন, লেখক ও পাঠকদের সাহিত্যের প্রতি আরও আগ্রহী করে তুলতে এ পুরস্কার সমাজে একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে। এর মাধ্যমে দেশের মানুষের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে কাজ করতে চান তারা।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, এ পুরস্কার ইতিমধ্যে দেশের সাহিত্য জগতে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। এটি বিশেষ করে তরুণ লেখকদের অনুপ্রাণিত করছে এবং পাঠকদের রুচিশীল বই পড়ার সুযোগ তৈরি করছে। উদীয়মান ও প্রতিভাবান লেখকদের সৃজনশীল কাজের প্ল্যাটফর্ম হিসেবে এ পুরস্কার ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, সমকাল বরাবরই দেশীয় সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করে এসেছে। ভালো সাংবাদিকতার চর্চায় সাহিত্য ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, সমকাল সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতাকে এগিয়ে নেবে।
টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, এ সাহিত্য পুরস্কার আয়োজন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও অংশ। ভবিষ্যতে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং সবার সহযোগিতায় আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসএস