ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা আলাদা করা এবং ব্যাংকের সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল, ফরেনসিক অডিট এবং ঋণ অনুমোদনে পরিচালনা পর্ষদের সরাসরি ভূমিকা বন্ধের প্রস্তাবও দিয়েছে দলটি।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম।

তিনি বলেন, দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এ অবস্থা থেকে উত্তরণে জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটি প্রস্তাবগুলো ইতিবাচকভাবে নিয়েছে এবং লিখিত কপি চেয়েছে। আগামী বৈঠকে এসব নিয়ে আলোচনা হবে।

সাইফুল আলম বলেন, ‘আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব ও রাজনৈতিক ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। ব্যবসা ও আর্থিক খাতের মালিকানা আলাদা রাখতে হবে। ব্যাংকের মালিকানা কোনও ব্যক্তি বা পরিবারের হাতে কেন্দ্রীভূত করা যাবে না।’

ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছ থেকে ঋণ অনুমোদনের ক্ষমতা সরিয়ে সুনির্দিষ্ট মানদণ্ড চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সাইফুল আলম বলেন, ‘ঋণ অনুমোদন করে ব্যাংকের পরিচালনা পর্ষদ, অথচ মামলা হলে অনেক সময় দায় নিতে হয় ব্যাংক কর্মকর্তাদের। পরিচালকদের অনেক ক্ষেত্রে জবাবদিহির আওতায় আনা হয় না। এই ব্যবস্থা বদলাতে হবে।’

খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ঋণ শ্রেণিকরণ কঠোর করা এবং এনপিএল কম দেখানোর নামে প্রকৃত ঋণের তথ্য আড়াল না করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জামানতের কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থা চালু এবং ব্যাংকের সম্পদ উদ্ধারে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার, বড় ঋণের ক্ষেত্রে পেশাদার ক্রেডিট কমিটির যাচাই এবং ব্যাংক খাতের প্রকৃত অবস্থা জানতে ফরেনসিক অডিটের প্রস্তাবও রয়েছে। সাইফুল আলম বলেন, ‘ফরেনসিক অডিট ছাড়া ব্যাংকের প্রকৃত এনপিএল, আমানত ও মূলধনের অবস্থা জানা সম্ভব নয়।’

দেশে ব্যাংকের সংখ্যা কমানোর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘দেশের আকার ও অর্থনীতির তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। বর্তমানে ৬৩টি ব্যাংক রয়েছে। এ সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন।’

এসএমই ও কৃষি খাতে ঋণকে অগ্রাধিকার দেওয়া, খেলাপি গ্রাহকদের নতুন ঋণ সুবিধা বন্ধ করা এবং একক বড় ঋণ ও এক্সপোজার সীমা কঠোরভাবে প্রয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে ব্যবসায়ীদের অফিস স্থাপনের মাধ্যমে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার ঝুঁকি কমাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।

এ সময় কমিটির সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন বলেন, বৈঠকে আগের সভাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement