সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহপুরের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোবাশ্বির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, একই কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শাহাবুদ্দীন শাবুল, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল মিয়া, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর আলী, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ এবং সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডেইলি অবজারভারের বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি, সংগঠক ও সাংবাদিক সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, ইকবাল হোসেন, চিকিৎসক জামাল হোসেন, সাইফুল আমিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, সাযুক সংঘের বিশ্বম্ভরপুর শাখার সভাপতি শফিকুল ইসলাম জনি, নজরুল ইসলাম ও সাংবাদিক শফিউল আলমসহ অন্যরা।
ফাউন্ডেশনের সভাপতি জহুরুল ইসলামের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন ও শেখ আবু তায়েফ। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, আসিফ বিল্লাহ নাঈম, কামরুল, জহিরুল ইসলাম, তৌহিদ, স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার গুণীজনদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডেইলি অবজারভারের প্রতিনিধি সার্জেন্ট (অব.) জিয়াউর রহমানকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফতেপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশায় যুক্ত তরুণরাও অংশ নেন।
আয়োজকেরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজের গুণী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।