রাজধানীর বনানী এলাকার আহমেদ টাওয়ারের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এফ আর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ার নামের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে আগুন লাগে।
তিনি বলেন, ৫টা ৩৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশন এর দুটি ইউনিট। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন নির্বাপণ হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।