ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিদায়টা হয়ে গেছে। কিন্তু যেন বিদায়ের গল্প এখনও সম্পূর্ণ হয়নি! ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ২১ বছরের দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছেন তিনি।

তবে মেসির বিদায়ের গল্পে এখনও একটি পাতা লেখা বাকি। যে দেশের জার্সি গায়ে অসংখ্য রাতকে ইতিহাসে পরিণত করেছেন, সেই দেশের মাটিতে শেষবারের মতো তাকে দেখতে চান সমর্থকেরা। সেই ইচ্ছা পূরণ করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএও।

তবে মেসিকে এখনই মাঠে ফেরানোর কোনো তাড়াহুড়া নেই এএফএর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলেই দেশের মাটিতে তাকে শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে নামানোর পরিকল্পনা রয়েছে।

সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দেশের মাটিতেও ম্যাচ থাকতে পারে। তবে সেসব ম্যাচে মেসিকে দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত নয়। অবসরের ঘোষণার পর খুব অল্প সময়ই পেরিয়েছে। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিশ্চয়ই একদিনে নেওয়া হয়নি। তাই পরবর্তী সিদ্ধান্ত নিতেও সময় নিচ্ছেন মেসি।

আসন্ন প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষও এখনো চূড়ান্ত হয়নি। দল ঘোষণার প্রক্রিয়াও শুরু হয়নি। ফলে মেসিকে ঘিরে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ্যে আসার সুযোগ তৈরি হয়নি।

এদিকে মেসির বিদায়ের পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে আরেকটি প্রশ্ন-থাকছেন তো লিওনেল স্কালোনি?

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনির অধীনেই দীর্ঘ শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা- চারটি বড় শিরোপাই এসেছে তার সময়ে।

কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটিও হাতে তোলেন মেসি। মাঠের জাদুকর মেসি আর ডাগআউটের কারিগর স্কালোনির জুটি হয়ে ওঠে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রতীক।

তবে গত ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর স্কালোনি জানিয়েছিলেন, ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। এখনো তার চুক্তি নবায়নের বিষয়ে নিশ্চিত কোনো খবর নেই। এরই মধ্যে দীর্ঘদিনের সহকারী কোচ ওয়ালতার স্যামুয়েলও জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন।

একদিকে মেসির আন্তর্জাতিক অবসর, অন্যদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা- আর্জেন্টিনার সামনে যেন একসঙ্গে দুটি বিদায়ের সম্ভাবনা।

তবু মেসির জন্য দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না আর্জেন্টিনা। ২১ বছরের সম্পর্ক, অগণিত স্মৃতি আর চারটি বড় শিরোপার গল্পের পর তার শেষ দৃশ্যটা দেশের মাঠে হওয়াটাই যেন স্বাভাবিক সমাপ্তি।

সেই শেষ দৃশ্য কবে আসবে, তা এখন মেসির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আর্জেন্টিনা অপেক্ষায়, সমর্থকেরাও অপেক্ষায়। হয়তো আবারও আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন মেসি- এবার জয়ের জন্য নয়, শেষবারের মতো নিজের মানুষের সামনে দাঁড়াতে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement