নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে Software Requirement Specification (SRS) প্রণয়নে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদের গঠন করা কমিটির আদেশে বলা হয়েছে, সাংবাদিকদের অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে। সদস্য হিসেবে রয়েছেন জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইড) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর ও ইসির প্রতিনিধিরা।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অনলাইন নিবন্ধন, তথ্য যাচাই এবং কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রম কীভাবে সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে, সে বিষয়ে কাঠামো ও সুপারিশ প্রণয়ন করতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইসি। এ জন্য দ্রুত একটি ওয়েবসাইটও তৈরি করা হয়। তবে সেখানে আবেদনের পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়লে গণমাধ্যমের আপত্তি ও সমালোচনার মুখে ওই প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন।
এবার সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঝুঁকিমুক্ত ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
টিআইএস