রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রনি নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কামারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন ও রনি দুজনই ওই এলাকার বাসিন্দা। তারা আগে থেকেই একে অপরকে চিনতেন।
স্থানীয় সূত্র জানায়, দেলোয়ারের কাছে রনির ১৫০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ রয়েছে, এ সময় রনি একটি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় কয়েকজন রনিকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত দেলোয়ার ও রনি দুজনই ডেমরার কামারভোগ এলাকার বাসিন্দা। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএস